পটুয়াখালী প্রতিনিধি
জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাজীব আহসানসহ ৬ জনকে পটুয়াখালী থেকে ইয়াবা ও মদসহ গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ।
রোববার রাত সাড়ে ১১টার দিকে দুমকি উপজেলার লেবুখালী ফেরিঘাট থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার অন্যরা হলেন- মো. সালাহউদ্দিন, মো. রফিকুল ইসলাম, সৈয়দ জসিম উদ্দিন ও মো. সাইফুল ইসলাম। এদের প্রত্যেকের বাড়ি বরিশালের মেহেন্দিগঞ্জে এবং সবাই ওই উপজেলা ছাত্রদলের নেতাকর্মী। এছাড়া মাইক্রোবাস চালক অসিম হাওলাদারকেও গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ছাত্রদল সভাপতি রাজিব আহসান বর্তমানে পটুয়াখালী সদর থানায় রয়েছেন এবং তাকে জিজ্ঞাসাবাদ চলছে।
পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ জানান, ছাত্রদল সভাপতি রাজিব আহসান মাইক্রোবাসযোগে কুয়াকাটায় যাচ্ছিলেন। এ সময় ফেরিঘাটে তার লাগেজ চেক করে ৪৫ পিচ ইয়াবা ও এক বোতল মদ পাওয়া যায়। তাদের বিরুদ্ধে পটুয়াখালীতে মাদক আইনে মামলার করার প্রস্তুতি চলছে। এছাড়া ঢাকাতেও তার বিরুদ্ধে মালা রয়েছে।
এদিকে পটুয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি গাজী আশফাকুর রহমান বিপ্লব ছাত্রদল সভাপতিকে আটকের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বলেন, 'শত শত লোকের সামনে ছাত্রদল সভাপতিকে আটক করা হয়। এ সময় তার কাছে কিছুই পাওয়া যায়নি।'
তিনি দাবি করেন, হয়রানি ও সংগঠনের ভাবমূর্তি নষ্ট করার জন্য এই 'ইয়াবা' নাটক সাজানো হয়েছে।

0 comments:
Post a Comment